বার্তা সংস্থা আবনা : সৌদি আরবের গোয়েন্দা প্রধান প্রিন্স বন্দর বিন সুলতানকে সরিয়ে ইউসুফ আল-ইদরিসকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ দেশটির রাজকীয় ফরমানের বরাত দিয়ে জানিয়েছে, প্রিন্স বন্দরের অনুরোধেই তাকে গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে এবং তার সহযোগী আল-ইদরিসকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
১৯৮৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রিন্স বন্দর আমেরিকায় সৌদি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে দেশ ফিরে তিনি সৌদি আরবের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব নিযুক্ত হন। এরপর ২০১১ সালে রাজা আবদুল্লাহ তাকে দেশের গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দেন।
সিরিয়া সংকট সৃষ্টিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ বিরোধী তৎপরতায় সৌদি আরবকে সরাসরি নেতৃত্ব দিয়েছেন প্রিন্স বন্দর। সিরিয়ার বিদেশি মদদপুষ্ট তাকফিরি বিদ্রোহীদের প্রতি সৌদি অস্ত্র সরবরাহের মাত্রা আরো বাড়ানোর চেষ্টা করেছেন তিনি। কিন্তু সিরিয়ার ঘটনাবলী সামাল দিতে ব্যর্থ হওয়ায় তাকে সিরিয়া বিষয়ক তৎপরতার থেকে অব্যাহতি দেয়ার জন্য এর আগে ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে বলে কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে।
পিঠে অপারেশনের জন্য প্রিন্স বন্দর প্রায় দুই মাস বিদেশে কাটিয়ে সৌদি আরবে ফিরে আসবেন বলে খবর প্রচারিত হওয়ার পরই তাকে সরিয়ে দেয়া হলো। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লউ বুশের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত প্রিন্স বন্দর বিন সুলতান ২০০৩ সালে ইঙ্গো-মার্কিন বাহিনীর ইরাক আগ্রাসনের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন।
(সূত্র : আইআরআইবি)
১৬ এপ্রিল ২০১৪ - ০৪:০৮
News ID: 602745
সৌদি আরবের গোয়েন্দা প্রধান প্রিন্স বন্দর বিন সুলতানকে সরিয়ে ইউসুফ আল-ইদরিসকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।